ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খালেদা জিয়ার নেতৃত্বের শূন্যতা অপূরণীয়: রকিবুল ইসলাম বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান | খুলনা

(৫ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন

banglahour

দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া যে সাহসী ও আপসহীন ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্ব ও অবদানের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার দৌলতপুর মহিলা মুহসিন কলেজে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকার নড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি জাতীয়তাবাদী শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ ও মানুষের প্রতি তার গভীর ভালোবাসা আগামী প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দল ও দেশের সংকটময় সময়ে তার অভাব প্রতিটি স্তরে অনুভূত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সমাজসেবক ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আবুল কালাম সামছুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। এছাড়া থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

এর আগে নগরীর খালিশপুরের ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত আরেকটি দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রকিবুল ইসলাম বকুল।

সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক কাজী ফেরদৌস হোসেন, সরদার আজিজুর রহমান, কাজী আব্দুস সালাম, অধ্যাপক মিলন, অধ্যাপক ফজলে ইলাহী, শেখ শামীম, শেখ মুজিবুর রহমান ও ডা. আরিফ ইফতেখারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উভয় দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯