ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের ২২ জানুয়ারির জনসভা সফল করতে সিলেটবাসীর প্রতি আহ্বান

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

সিলেট মহানগর ও সদর আসন (সিলেট-০১) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন ও জনসভা সফল করতে সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খন্দকার মুক্তাদির বলেন, প্রায় ২২ বছর পর আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসছেন। আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তাঁর আগমনকে ঘিরে ইতোমধ্যে সিলেট বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তিনি আরও বলেন, সিলেট শুধু একটি বিভাগীয় শহর নয়, এটি রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করার মাধ্যমে তারেক রহমান জনগণের মাঝে একটি নতুন রাজনৈতিক বার্তা পৌঁছে দেবেন। অতীতে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন, ঠিক সেভাবেই এবার আমাদের নেতা তারেক রহমান সিলেট থেকেই প্রচারণা শুরু করছেন। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই জনসভা সফল করতে হবে।

নগরীর ৮, ৯, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর, জেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া খন্দকার মুক্তাদির সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কালাগুল ও বুরজান বাগান এলাকা পরিদর্শন করেন।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের রাজনীতিতে তাঁর ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দোয়া পরিচালনা করেন শাহজালাল আবাসিক এলাকার জামে মসজিদের খতিব মুফতি মনজুরুল হক নোমান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯