ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পিরোজপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাংলাদেশপন্থী জনতার আয়োজনে পিরোজপুরের বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদের সামনে এসে পথসভায় রূপ নেয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান।
পথসভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
পথসভায় বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি অভি খান, জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি তাহমীদ, মুখ্য সংগঠক রাকিব আহমেদ, জনসংযোগ প্রতিনিধি খালিদ, ইসলামী আন্দোলনের সদস্য আবু বকরসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও ছাত্র নিয়াজুল ইসলাম, মেহেদী হাসান, এমডি ইমরান, নাহিদ শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
