কুড়িগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) পরীক্ষায় নকলের অভিযোগে চরম বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছে। পরীক্ষাকেন্দ্রে নকলে সহযোগিতার অভিযোগে এক সহকারী শিক্ষকের দায়িত্ব স্থগিত করা হলেও কলেজ প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বিষয়টি অস্বীকার করা হচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক পরীক্ষার্থীর হাতে নকলের কাগজ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার উত্তরপত্র জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট পরীক্ষাকক্ষের কক্ষ পরিদর্শক ও সহকারী শিক্ষক ডা. খগেন্দ্রনাথ বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে অভিযুক্ত শিক্ষক ডা. খগেন্দ্রনাথ বর্মন দাবি করেন, খাতা জমা দেওয়ার সময় এক পরীক্ষার্থীর হাতে একটি কাগজ পাওয়া যায় এবং ম্যাজিস্ট্রেট শুধু ওই শিক্ষার্থীর দিনের পরীক্ষা বাতিল করেছেন।
এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোছা. রীনু বেগম নকলের অভিযোগ অস্বীকার করে বলেন, “এ বছর আমাদের কলেজে কোনো শিক্ষার্থী নকলের দায়ে অভিযুক্ত হয়নি।” কক্ষ পরিদর্শকের দায়িত্ব স্থগিতের বিষয়েও তিনি স্পষ্ট মন্তব্য এড়িয়ে যান।
অন্যদিকে কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. ইয়াকুব আলী সরকার বলেন, “প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই কমবেশি নকল হয়। আমাদের কলেজেও কখনো কখনো এমন ঘটনা ঘটে, যা সবসময় নজরে আসে না। আমরা চেষ্টা করি বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী জানান, “পরীক্ষা চলাকালে প্রথম বর্ষের এক পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেছে। তার উত্তরপত্র জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।”
উল্লেখ্য, কলেজটির পাশের হার দীর্ঘদিন ধরে ৯৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকায় মূল্যায়ন পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পরীক্ষায় শিথিলতার কারণে অস্বাভাবিকভাবে উচ্চ পাশের হার বজায় থাকছে, যা শিক্ষার মান নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ২০১১ সালে একাডেমিক অনুমোদন ও পরীক্ষা গ্রহণের অনুমতি পায়। বর্তমানে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এখানে ২৪৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের জন্য এটি একমাত্র হোমিওপ্যাথিক কলেজ হওয়ায় প্রতিষ্ঠানটির গুরুত্ব উল্লেখযোগ্য।
নকলের ঘটনায় প্রশাসনের ভিন্ন ভিন্ন বক্তব্যে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতিফলন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
