পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জেলা বিএনপিকে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়, আসন সমঝোতার অংশ হিসেবে গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন দেয়ার সিদ্ধান্তের পরও গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কিছু অংশ কেন্দ্রে মনোনীত প্রার্থী নুরুল হক নুরের পক্ষে নির্বাচনী কাজে অংশ না নিয়ে বহিস্কৃত নেতার পক্ষে কাজ করার ঘোষণা দেয়। এই অনীহা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে কেন্দ্রীয় বিএনপি দুই উপজেলার কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেয়।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে সংশ্লিষ্ট চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-৩ আসনে বিএনপি নিজস্ব প্রার্থী না রেখে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন করে আসন ছেড়ে দিয়েছে। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা দেখায় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করার ঘোষণা দেয়।
এ বিষয়ে বিএনপির একটি প্রতিনিধি দল (বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে) ওই দুই উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করে নুরুল হক নুরের পক্ষে কাজ করার আহ্বান জানায়। কিন্তু ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় দল এই ব্যবস্থা গ্রহণ করেছে।
একজন বিএনপি নেতা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনী কৌশলের বিরুদ্ধে যায়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। একইভাবে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বহিষ্কৃত নেতার পক্ষে কাজ করায় কর্মীদেরও বহিষ্কার হওয়া স্বাভাবিক। তিনি বলেন, ‘আমরা হাসান মামুনের সঙ্গে আছি এবং অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই।’
এদিকে কমিটি বিলুপ্তির চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, “দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটির বিলুপ্তির কাগজ পেয়েছি। আপাতত এটুকুই বলতে পারি।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
