বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসেরসঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
নির্বাচনী প্রচারণা ও গণভোট
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে দলটি। একই সঙ্গে তারা গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা ইতোমধ্যে শুরু করেছে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা ও গণভোটের প্রচারণা একসঙ্গে চলবে।
জামায়াত নেতারা নির্বাচন সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আশ্বাস
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন,যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য, অভিযোগ বা মতামত আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনবো; সরকারের যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, তা নেওয়া হবে।
তিনি জানান, অধিকাংশ ভোটকেন্দ্র দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং জানুয়ারির মধ্যেই সেগুলো ইনস্টল সম্পন্ন হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা থাকবে। এসব ক্যামেরা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে এবং ফুটেজ সংরক্ষণ থাকবে।
গণভোটে সরকারের অবস্থান
গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত কি না—এ নিয়ে যে বিতর্ক রয়েছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন,আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হয়েছি, এতে কোনো আইনগত বাধা নেই। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্বই হচ্ছে সংস্কারের পক্ষে থাকা।
তিনি আরও বলেন,যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না। নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়—এই দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ আমাদের সবার।
হটলাইন ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ
নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি, নির্বাচন উপলক্ষে একটি হটলাইন নম্বর চালু থাকবে, যেখানে সব ধরনের অভিযোগ গ্রহণ করা হবে। ঐক্যের আহ্বান নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল করা এবং দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
