বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আলমদীন মনজলাল গ্রামে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় জালালপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের আলমদীন মনজলাল সাহেব বাড়ীতে। অনুষ্ঠানে বিএনপি মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এসময় এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজনের মাধ্যমে আল্লাহর ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। বর্তমান সময়ে দেশ ও গণতন্ত্র গভীর ষড়যন্ত্রের মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তিনি এই এলাকার সন্তান হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। লন্ডনে অবস্থানকালে দেশের মানুষের সেবা করতে গিয়ে তিনি তার বিদেশি নাগরিকত্ব ও পাসপোর্ট জমা দিয়েছেন এবং ভবিষ্যতে এই এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন।
এম এ মালিক ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করে বলেন, “কিছু গোষ্ঠী ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম শান্তি ও সত্যের ধর্ম। মিথ্যা প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির উল্লেখ করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষক ও নারী সহ সমাজের দুর্বল শ্রেণির মানুষেরা সরাসরি উপকৃত হবে। কৃষকদের জন্য সার ও কৃষি সহায়তা এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় আলেমদের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার আলী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুকিদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আহমদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া আয়োজনকারীরাও উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
