বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের অনিলগঞ্জ বাজারে দোয়া ও মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক মানুষের সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সন্ধ্যায় আয়োজিত মাহফিলে এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি দেশের মানুষের সেবার লক্ষ্যে সবকিছু ত্যাগ করে স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট তাকে গভীরভাবে আলোড়িত করে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার রাস্তাঘাট, ব্রিজ ও জলাবদ্ধতার চিত্র দেখে মনে হয় এই অঞ্চল বহু বছর ধরে অবহেলিত।
তিনি আরও বলেন, রাজনীতিকে তিনি মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখেন। আল্লাহর কাছে তিনি ওয়াদা করেছেন, মুনাফিকি নয়—কথা ও কাজে মিল রেখে আজীবন মানুষের পাশে থাকবেন।
এম এ মালিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আওতায় কৃষকদের জন্য কৃষি কার্ড এবং পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা বিনাসুদে সারসহ প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং প্রতিটি পরিবারে নারীদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে।
তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন দিনে সিলেটসহ সারাদেশে বিএনপিকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মুরুব্বি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
