জনপ্রতিনিধিকে ক্ষমতায় নয়, দায়িত্বে বসাতে হবে—এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজয়ানা হাসান বলেছেন, দায়িত্ব পেয়ে যেন কেউ দানবে পরিণত হতে না পারে, সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সৈয়দা রেজয়ানা হাসান বলেন, শুধুমাত্র মানুষ পরিবর্তন করলেই দেশের পরিবর্তন সম্ভব নয়, প্রয়োজন পদ্ধতিগত সংস্কার। পদ্ধতি সঠিক না হলে যত ভালো মানুষকেই দায়িত্ব দেওয়া হোক, কাঙ্ক্ষিত ফল আসবে না। তিনি বলেন, সংসদ গান গাওয়ার জায়গা নয়; সংসদ হলো গণমানুষের স্বার্থসংশ্লিষ্ট আইন প্রণয়নের পবিত্র স্থান। দলীয় দাস নয়, জনগণের প্রতিনিধিরা যেন সংসদে যেতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, যাতে কেউ বিচার বিভাগের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে চার মিনিটে সংবিধান সংশোধন করতে না পারে, সে বাস্তবতা নিশ্চিত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি বলেন, সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররাও ভোট দিতে আগ্রহী। তবে ১৬ বছরের স্বৈরশাসনের প্রেতাত্মা এখনও সমাজে সক্রিয় থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে গুজব ছড়াচ্ছে। এ অবস্থা থেকে বের হতে হলে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি বৈষম্যহীন সমাজ, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা এবং স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। অন্যথায় দেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়তে পারে।
এর আগে ‘পরিবর্তনের চাবি, জনগণের হাতে’—এই স্লোগান সামনে রেখে গণভোটের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
