ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। দলটির মনোনীত প্রার্থী হিসেবে ‘হাতপাখা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তার হাতে তিনি দলীয় প্রতীক গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতীক গ্রহণের পর হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, সিলেট নগর ও সদর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনী মাঠে কাজ করবেন। তিনি ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
দলীয় নেতৃবৃন্দ জানান, প্রতীক বরাদ্দের মাধ্যমে সিলেট-১ আসনে তাদের নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী হবে। শিগগিরই গণসংযোগ, উঠান বৈঠক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
