সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে দলের মনোনয়ন প্রত্যাশী সকল নেতা আনুষ্ঠানিকভাবে একযোগে সমর্থন জানিয়েছেন। রোববার সিলেট মহানগরের কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন,
আমি প্রথমেই আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অভিভাবক মরহুমা বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি—যাঁরা আমাকে মনোনয়ন দিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার ও সেবা করার সুযোগ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে দলের একাধিক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল তাঁর ওপর আস্থা রেখেছে। “মনোনয়ন প্রত্যাশী সবাই আমার আপনজন ও সহযোদ্ধা। দলের স্বার্থে আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আজকের এই আয়োজন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য একটি স্পষ্ট বার্তা—আমরা সবাই ঐক্যবদ্ধ। এই ঐক্য বজায় রেখেই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করবো, ইনশা আল্লাহ।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক হেলালা খান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি।
বক্তারা বলেন, দল যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে, আমরা সবাই তার পক্ষেই আছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তারা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করতে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, সহ-সভাপতি আব্দুল মন্নান ও নজমুল হোসেন পুতুল, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ডা. আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, অ্যাডভোকেট আবু তাহের, মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলালসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
