আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ (গোয়াইনঘাট–জৈন্তাপুর–কোম্পানীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা আরিফুল হক চৌধুরী।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতীক গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন,
আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। আগামী বাংলাদেশের জন্য মেধাবী ও জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরি করতে চাই—যারা হবে সুস্থধারার রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও বিজ্ঞানী। তারাই হবে নতুন বাংলাদেশের কর্ণধার।
তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা এবং সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার।
নিজের নির্বাচনী এলাকার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা জরাজীর্ণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থা নাজুক। “আমি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব, বলেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় উন্নয়নের নামে লুটপাট হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশের মানুষ ভোটের মাধ্যমেই এর উপযুক্ত জবাব দেবে।
আরিফুল হক চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন,
আমার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত সচেতন। নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে ভোট গ্রহণ হলে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি।
শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
