ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলার চারটি আসনে মোট ২৯ জন সংসদ সদস্য প্রার্থী প্রতীক পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ২২ জন এবং স্বতন্ত্র সাতজন প্রার্থী রয়েছেন। মোট প্রার্থীর মধ্যে তিনজন নারী।
প্রতীক বরাদ্দের আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা নির্বাচন কমিশনের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে প্রচার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ফরিদপুরেও জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।
বিএনপি মনোনীত প্রার্থীরা:
ফরিদপুর-৩ (সদর) আসনে চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে খন্দোকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনে মো. শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীক পেয়েছেন।
জামায়াতে ইসলামী ও জোট প্রার্থীরা:
ফরিদপুর-৩ আসনে প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-১ আসনে ড. মো. ইলিয়াস মোল্লা এবং ফরিদপুর-৪ আসনে মো. সরোয়ার হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। ফরিদপুর-২ আসনে জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আকরাম আলী রিকসা প্রতীক পেয়েছেন। এছাড়া ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিসের মিজানুর রহমানও রিকসা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা:
চারটি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ফুটবল, জাহাজ, রকেট, মোটরসাইকেল, হরিণ, আপেল, ট্রাক, ডাব, হাতপাখা, তারা, কাস্তে, ঘোড়া ও লাঙ্গলসহ বিভিন্ন প্রতীক পেয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আচরণবিধি মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
