‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়,সবার আগে বাংলাদেশ।’ এই ঘোষণার মধ্য দিয়ে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় তিনি বলেন, দেশের মানুষই রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস এবং বিএনপি বিশ্বাস করে জনগণের ভাগ্যোন্নয়নে।
জনসভায় দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
‘দেশের মালিক মানুষ, ক্ষমতার উৎস জনগণ’
তারেক রহমান বলেন, “যেহেতু আমরা বিশ্বাস করি, দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস, তাই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি।” তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিদেশনির্ভর রাজনীতি চর্চা করছে, অথচ বিএনপির রাজনীতি বাংলাদেশকেন্দ্রিক।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যারা তখন কী ভূমিকা রেখেছিল, বাংলাদেশের মানুষ তা ভালোভাবেই দেখেছে।”
‘ভোট ও বাকস্বাধীনতা ফিরলেই হবে না’
বিএনপি দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, “স্বৈরাচার থেকে দেশ মুক্ত হয়েছে। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শুধু ভোটের অধিকার কিংবা কথা বলার স্বাধীনতা দিলেই হবে না, মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।”
তিনি আরও বলেন, “এই মিথ্যা, এই হঠকারিতা ও কুফরির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
ধর্মীয় উদাহরণে রাজনৈতিক বার্তা
বক্তব্যের একপর্যায়ে তিনি ধর্মীয় উদাহরণ টেনে বলেন, “পৃথিবী, কাবা, বেহেশত,সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা কেউ দেওয়ার ক্ষমতা রাখে না।” নির্বাচনের আগেই নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
‘নিশিরাতের নির্বাচন ও সম্পদ লুটপাট’
আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “গত ১৫–১৬ বছরে আমরা দেখেছি ব্যালট বক্স ছিনতাই, ডামি নির্বাচন ও নিশিরাতের ভোট। এসব তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।
ইলিয়াস আলী প্রসঙ্গ
জনসভায় বারবার উঠে আসে ‘গুম হওয়া’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নাম। তারেক রহমান তাঁর বক্তব্যে ইলিয়াস আলীসহ সিলেট অঞ্চলের গুমের শিকার নেতা-কর্মীদের কথা উল্লেখ করেন। মাঠের এক পাশে গুম ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়।
জনসমুদ্রে রূপ নেয় আলিয়া মাদ্রাসা মাঠ
সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। তাঁকে ঘিরে নেতা-কর্মীদের ‘দুলা ভাই, দুলা ভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। এর আগে তিনি সিলেটের একটি হোটেলে শতাধিক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আজ আরও ছয় স্থানে জনসভা
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ছয়টি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
