সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করায় সিলেটের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এক বিশেষ বার্তায় তিনি বলেন, পুণ্যভূমি সিলেটের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন, তা কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। জনসভা সফল করতে সিলেটবাসী একদিন আগেই জনসমাবেশস্থলে উপস্থিত হয়ে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কৃতিত্ব সিলেটের মানুষসহ গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনতার।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের মানুষ আবারও প্রমাণ করেছেন—তারা তাদের আত্মীয় ও জামাইকে কীভাবে সম্মান করতে জানে। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে জনসভা সফল করেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ব্যবসায়ীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সিলেটের বিশাল জনসমুদ্র স্পষ্ট করে দিয়েছে—দেশের মানুষ পরিবর্তন চায়। আগামী দিনের প্রতিটি আন্দোলনেও সিলেটবাসীর এই ঐক্যবদ্ধ শক্তি অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় আরিফুল হক চৌধুরী তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক এবং তরুণ প্রজন্মের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সিলেটের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
