বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তথাকথিত ফ্যামিলি কার্ড সম্পূর্ণ ভুয়া ও বেআইনি। প্রধান নির্বাচন কমিশনার নিজেই এ ধরনের কার্ডকে অবৈধ ঘোষণা করেছেন এবং এসব কার্ড বহনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম স্পষ্টভাবে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।
শুক্রবার (বিকাল ৩টা) কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের আরও বলেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপোষ করে আবারও ক্ষমতায় যেতে চায় এবং দেশকে বিদেশি প্রভাবের কাছে সমর্পণের ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের সচেতন জনগণ, বিশেষ করে চার কোটি যুবসমাজ, কোনোভাবেই এই অপচেষ্টা মেনে নেবে না।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি ভিন্নমত প্রকাশের অধিকারও নিশ্চিত থাকতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আবারও ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা ভোটকেন্দ্র দখলের চিন্তা করছে, তাদের উদ্দেশে তিনি সতর্ক বার্তা দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।
জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন ভুঁইয়া নইম এবং সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
