বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ কখনো কারো দাসত্ব মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। নিজেদের শক্তিতেই এগিয়ে যেতে হবে—পরনির্ভরশীল হলে কখনো কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়।
শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা এবং টুকেরবাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ-মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, কিন্তু কখনো কারো কাছে মাথানত করেননি। দাসত্বের শৃঙ্খল মানুষের চিন্তাশক্তি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে উল্লেখ করে তিনি বলেন, দেশের অগ্রগতির মূল শক্তি হচ্ছে জনগণের ঐক্য।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর, মর্যাদাবান ও উন্নয়নশীল বাংলাদেশ গড়তে চায় বিএনপি। অতীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন দেশের মানুষের ভাগ্য উন্নয়নসহ সার্বিক অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি ধানের শীষকে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন এবং সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিল্লোর রহমান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
