স্বপ্নের সিলেট গড়ার প্রত্যয় নিয়ে হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। শনিবার সিলেট সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাজার, সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণা সভায় মাহমুদুল হাসান বলেন, সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। এই বাস্তবতার পরিবর্তন ঘটাতে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সিলেটকে ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার লড়াইয়ের জন্য নয়, বরং মানুষের অধিকার আদায় ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনী মাঠে রয়েছে।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা জানান, নির্বাচনের আগ পর্যন্ত সিলেট-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি চালানো হবে, যাতে হাতপাখা প্রতীকের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
