ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন।
রোববার সকালে সিলেট নগরীর আখালিয়া এলাকা থেকে গণসংযোগের সূচনা করেন তিনি। এ সময় তিনি বলেন, বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকার সিলেটের স্বাস্থ্যখাত উন্নয়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেয়নি। জনসংখ্যা বাড়লেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়নি, ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে হাসপাতালগুলোকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।
সকালে জিতু মিয়ার পয়েন্ট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন খন্দকার মুক্তাদির। পরে শেখঘাট, নবাব রোড, এবি পয়েন্ট, কলাপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামীমাবাদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা, নরসিংটিলা ও বর্ণমালা পয়েন্টসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাকে শুভেচ্ছা জানান এবং সমর্থনের আশ্বাস দেন বলে দলীয় সূত্রে জানানো হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু ও জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববারের কর্মসূচির অংশ হিসেবে আখালিয়া ঘাট এলাকায় দিনব্যাপী গণসংযোগ ছাড়াও নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জে কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময়, বিকাল সোয়া ৫টায় সারদা হলে সংস্কৃতিকর্মীদের সঙ্গে সভা, সন্ধ্যা পৌনে ৭টায় ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দিতে পথসভা, রাত ৮টায় ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল, বারখলা, দাউদপুর ও মুছারগাঁও এলাকায় উঠান বৈঠক এবং রাত সোয়া ৯টায় কান্দিগাঁও ইউনিয়নের বায়তুল সালাম ঈদগাহ সংলগ্ন মাঠে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
