বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে জানানো হয়, স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিডের উন্নয়ন, এবং এলএনজি ও এলপিজি সরবরাহ খাতে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রযুক্তি ও সমাধান ইতোমধ্যে বাংলাদেশের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়লে জ্বালানি অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
বৈঠকে দুই পক্ষ ভবিষ্যতে জ্বালানি খাতে প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়ন নিয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
