ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নজরুল ইসলাম সরকার (সরকার নজরুল) আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার বিকেলে উপজেলার রসুলপুর এলাকায় জয়েন শাহ’র মাজার সংলগ্ন মসজিদে আছরের নামাজ আদায় ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণার সূচনা করেন।
জিয়ারতকালে এতিমখানার শিক্ষার্থী ও স্থানীয় আলেমরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে এতিমদের দোয়া নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগে অংশ নেন। প্রার্থী জানান, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তাগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝটিকা প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।
গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ নিয়ে নির্বাচনী মাঠে থাকা সরকার নজরুল তার প্রচারণায় মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা তুলে ধরছেন। তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত সবার জন্য মানসম্মত ও অবৈতনিক শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্য কার্ড চালু, উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নির্ধারণ, সার ও বীজের সহজলভ্যতা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
এছাড়া মুক্তাগাছার রসুলপুরে আন্তর্জাতিক মানের একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ এবং নারী নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন তিনি।
প্রচারণার শুরুতে সরকার নজরুল ইসলাম বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য। মুক্তাগাছার অবহেলিত এলাকাগুলোকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতেই তিনি নির্বাচনের মাঠে নেমেছেন।
তিনি নির্বাচনী ব্যয় নির্বাহে সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দেশের সব আসনে গণসংহতি আন্দোলনের ‘মাথাল’ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
