জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে অংশ নিয়ে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন—প্রবাসীদের শুধু “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে দেখলে চলবে না; তাদের অর্জিত মেধা, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট অঞ্চলের একটি বড় অংশের মানুষ বিদেশে বসবাস করছে। বিশেষ করে নতুন প্রজন্মের বহু মেধাবী তরুণ ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থায়ীভাবে কর্মরত। তাদের দেশের প্রতি সম্পৃক্ত করা কেবল আবেগের বিষয় নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি বড় সম্ভাবনা। এজন্য প্রবাসীদের জন্য একটি সুদূরপ্রসারী রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
এর আগে তিনি গোয়াইনঘাট উপজেলার গুলতি চা-বাগান ও জৈন্তাপুর উপজেলার লালাখাল চা-বাগানে শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে বেড়ে ওঠা তরুণ প্রজন্ম বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশকে অগ্রাধিকার দেয়। সিলেটসহ গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকায় যদি বিশেষ অর্থনৈতিক অঞ্চল কিংবা আইটি পার্কে প্রবাসীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে তারা দেশে বিনিয়োগে আগ্রহী হবে। এতে দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। প্রবাসী তরুণদের আকৃষ্ট করতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুন্দর পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চা-শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠী অবহেলা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে তিনি আশ্বাস দেন।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ বিলাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
