ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় সুজনের মঞ্চে প্রার্থীরা: অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দাবি

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু| জেলা প্রতিনিধি |বাগেরহাট

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৫:৪৩ অপরাহ্ন

banglahour

গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। তারা বলেন, এ লক্ষ্যে দলনিরপেক্ষ, দক্ষ ও সাহসী ব্যক্তিদের নির্বাচনী দায়িত্বে রাখতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মোংলার শ্রমিক সংঘের মাঠে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানটির আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, মোংলা উপজেলা কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান এবং জাসদ মনোনীত তারা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান ও সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।

বক্তারা বলেন, বাংলাদেশ আজ গণতান্ত্রিক যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জাগিয়েছে। সেই গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং অংশগ্রহণমূলক ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণ জরুরি।

অনুষ্ঠানে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। পরে উপস্থিত জনগণ প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করলে তারা তার উত্তর দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কেবল একটি সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়; দেশের জন্য প্রয়োজন প্রকৃত গণতান্ত্রিক উত্তরণ। এজন্য আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের পাশাপাশি রাজনৈতিক নীতি ও মূল্যবোধের পরিবর্তন দরকার। তিনি জানান, এ কারণেই এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ব্যবস্থাও রাখা হয়েছে।

সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে—আর যেন কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে। নির্বাচন ব্যবস্থার পরিশুদ্ধতা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা জরুরি।

‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীরা একটি সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন, যা উপস্থিত সবার সামনে পাঠ করে শোনানো হয়। পাশাপাশি নাগরিক দায়িত্ব হিসেবে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের জন্য ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয়।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯