ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন

সারাদেশ | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৯ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন

banglahour

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেন, ভারত একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেট এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু করে। ভারত-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দিয়েছে। বর্তমান সময়েও পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব ক্রমেই বিস্তৃত হচ্ছে।

তিনি আরও বলেন, ভৌগোলিক নিকটতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ভারত ও বাংলাদেশ একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের তরুণ সমাজ, অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় শিল্পীদের সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিতে অতিথিরা মুগ্ধ হন। এসব পরিবেশনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতির ঐক্য ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরও সুদৃঢ় করে। তারা সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

এর আগে সোমবার সকালে নগরীর শাহজালাল উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা অংশ নেন। যোগব্যায়াম, ধ্যান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সকালবেলার আয়োজন সম্পন্ন হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম