ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি | মির্জা মাহামুদ হোসেন রন্টু | জেলা প্রতিনিধি|নড়াইল

(৪ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ২:৫৪ অপরাহ্ন

banglahour

নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ জানুয়ারি) বাদ মাগরিব নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন দোকান এলাকায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের দশ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ১২ নম্বর বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. মোখলেছুর রহমান, যুব বিভাগের সভাপতি মো. হাসিবুল মোল্যা, ৮ নম্বর কলোড়া ইউনিয়নের আমীর হাফেজ আ. হান্নানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও প্রার্থীরা পরিকল্পিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তারা বলেন, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাস করে এবং কোনো ধরনের সহিংসতায় জড়িত নয়। অফিস পোড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, ইসলামী আন্দোলনের নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের খবর জানার সঙ্গে সঙ্গেই তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং একই সঙ্গে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থীর পক্ষ থেকে জামায়াতে ইসলামীকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে জামায়াতে ইসলামী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও কখনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি। দলটি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধের আহ্বান জানান।

এ বিষয়ে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নড়াইল জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক হেমায়েত হোসেন ফারুক বলেন, হাতপাখার অফিস পোড়ানোর ঘটনাটি দুঃখজনক। তদন্তের আগেই জামায়াতে ইসলামীকে দায়ী করা অনুচিত উল্লেখ করে তিনি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানান।

উল্লেখ্য, সোমবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন দোকান এলাকায় অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে অফিসের চেয়ার, টেবিল, মাইক, হাতপাখা ও নির্বাচনী প্রতীকসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। এর আগে ওইদিন রাতে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হলেও উভয় পক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কয়েক ঘণ্টা পরই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯