ভোট দেওয়ার পর কেন্দ্র ত্যাগ না করে শেষ পর্যন্ত অবস্থান করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভোট দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলে চলবে না। কেন্দ্রে থাকতে হবে, কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে।”
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪টি আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের দিন ভোরে মুসলমানরা তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করবেন, অন্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মীয় আচার পালন করবেন। এরপর সবাই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তিনি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় অতীতে বিভিন্নভাবে ভোট লুট হয়েছে, এবার যাতে এমন কিছু না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, মাদক সমস্যার সমাধান করতে হলে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তরুণ ও যুবসমাজের জন্য ভোকেশনাল ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কাজের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে জেলা ও উপজেলা হাসপাতাল সম্প্রসারণ, ঘরে বসে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
কৃষিপ্রধান ময়মনসিংহ অঞ্চলের খাল-বিল পুনঃখননের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষি ও মৎস্যখাতকে আধুনিক করে কর্মসংস্থান বাড়ানো হবে। মাছের পোনা উৎপাদনকে রপ্তানিমুখী করার পরিকল্পনার কথাও জানান তিনি।
নারী শিক্ষা ও ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যাতে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া যায়।
তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে দলটির। ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে থাকলে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রুকনুজ্জামান সরকার রুকন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জনসভা উপলক্ষে সার্কিট হাউস মাঠ ও আশপাশের এলাকায় বিপুল জনসমাগম ঘটে। নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তায় তৎপর ছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
