ধানের শীষ প্রতীকে ভোট দিলে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু হবে বলে মন্তব্য করেছেন সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, বিএনপিকে বিজয়ী করলে আগামী পাঁচ বছর হবে জনগণের অধিকার পুনরুদ্ধার, উন্নয়ন ও সমৃদ্ধির সময়কাল। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।
নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, সিলেট-২ আসনের মানুষ আজও ইলিয়াস আলীর প্রতীক্ষায় রয়েছে। তার আদর্শ, ত্যাগ ও নেতৃত্বকে ধারণ করেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত হলে ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
নেতাকর্মীদের উদ্দেশে লুনা বলেন, ভয় বা বাধা নয়—ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন।
তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনু মিয়ার সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব ময়নুল হক, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সমাজসেবিকা সাবিনা খানমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
