সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্যই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গোলাপি ব্যালেটে ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র সংস্কার হবে এবং দেশ এগিয়ে যাবে; ‘না’ ভোট দিলে দেশে পুনরায় ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসতে পারে।
বাংলাদেশ বেতার, সিলেট আয়োজিত ‘গণভোট ও নির্বাচন: বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
বিভাগীয় কমিশনার বলেন, প্রত্যেক ভোটারের ভোট প্রদান একটি সাংবিধানিক অধিকার। গত ১৬ বছরে দেশের গণতন্ত্র ও আইনের শাসন যেভাবে ছিল, তা পর্যালোচনা করে ৩৬ পাতার ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এর সংক্ষিপ্ত রূপ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কিছু মূল পয়েন্টে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, দেশের চাবি জনগণের হাতে; ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের একটি মূল দায়িত্ব ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করতে এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো শক্তিশালী করতে, যেমন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনের স্বচ্ছতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য—এগুলো নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচনের উৎসব সফল করতে প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো মহল জনগণকে ভোট প্রদানে বিরত রাখতে পারবে না।
অনুষ্ঠানে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোঃ তারিক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে বাংলাদেশ বেতারের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক পরিবেশনা করেন, যেখানে গণভোট ও নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
