বর্তমান সরকারের আমলে বড় পরিসরের দুর্নীতি অনেকটাই কমেছে দাবি করে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তবে এখনো মামলা বাণিজ্য ও বদলি বাণিজ্যের মতো অনিয়ম পুরোপুরি বন্ধ হয়নি। গোয়েন্দা সংস্থাগুলোকে বারবার নির্দেশ দেওয়া হলেও এসব অনিয়ম থেকে অনেককে এখনো বের করে আনা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
বুধবার রাজধানীর কারওয়ানবাজারে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রশাসনে কিছু অনিয়ম দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে, যা একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। তবে বড় ধরনের দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে তিনি দাবি করেন।
শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিদিন শত শত তদবির আসত। “আগে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলেই কাজ হয়ে যেত, মন্ত্রণালয়ে আসার প্রয়োজন হতো না। এখন সবাই মনে করে একটা সুযোগ এসেছে, তাই মন্ত্রণালয়ে এসে হাজির হয়। আমার কক্ষের সামনে সবসময় অনেক মানুষ ভিড় করত, যাদের ডিঙিয়ে আমাকে রুমে ঢুকতে হতো,” বলেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে অর্থনীতিতে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তার ভাষায়, চলতি বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশ হতে পারে। তবে মূল্যস্ফীতি প্রত্যাশিত মাত্রায় কমেনি বলেও তিনি স্বীকার করেন।
অনুষ্ঠানে ইআরএফ সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি দৌলত আকতার এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
