জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা শান্তি নির্মাণ কমিশনের (ইউএন পিসবিল্ডিং কমিশন–পিবিসি) ভাইস-চেয়ার হিসেবে ২০২৬ সালের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ২০তম অধিবেশনের প্রথম বৈঠকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাঁচ সদস্যের ব্যুরোর নির্বাচনে মরক্কোকে চেয়ারম্যান এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত করা হয়। এদিনই সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ।
জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী ও সংঘাতপীড়িত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করে। কমিশনটি জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং শান্তিরক্ষা ও অর্থনৈতিক অবদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ পিসবিল্ডিং কমিশনের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের চেয়ারম্যান এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে চিফ দ্য ক্যাবিনেট উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পিসবিল্ডিং কমিশনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধি দল কমিশনের সদস্যদের আস্থার জন্য কৃতজ্ঞতা জানায় এবং জাতিসংঘের শান্তি নির্মাণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পাশাপাশি ভবিষ্যতে কমিশনের কাজকে আরও কার্যকর ও গতিশীল করতে বাংলাদেশের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
