ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যেন নিরাপদ, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে এই বাহিনী।
ঝুঁকি বিবেচনায় সারাদেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এসব টিম অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এছাড়া নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে বিজিবি।
কর্তৃপক্ষ আশা করছে, এসব নিরাপত্তা ব্যবস্থার ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
