ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৬ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৫:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৫ অপরাহ্ন

banglahour

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের বর্তমান ডিউটি-ফ্রি সুবিধা শেষ হতে পারে—এ কারণে দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইইউতে শুল্কমুক্ত প্রবেশাধিকার ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ জোরদার, ইইউ-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং দেশের ব্যবসা-বান্ধব পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের বিষয়েও কথা হয়।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে, যার ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির বাজারে বাংলাদেশের ৭ হাজার ৩০০টির বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, জাপানের সঙ্গে ইপিএ আমাদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। এটি আমাদের রপ্তানি খাতে নতুন আশার সঞ্চার করেছে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি এফটিএ করতে আগ্রহী, যাতে আমাদের বাজার আরও সম্প্রসারিত হয়।”

ইউরোচ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ ইইউতে বর্তমান বাণিজ্য সুবিধা হারাতে পারে। তাই দ্রুত এফটিএ আলোচনা শুরু করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ভারত ইতোমধ্যে ইইউর সঙ্গে এফটিএর পথে এগোচ্ছে, ভিয়েতনামের সঙ্গে এমন চুক্তি রয়েছে। এফটিএ হলে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উন্নত পশ্চিমা বাজারে রপ্তানি আরও বাড়বে। তিনি আরও জানান, ইউরোপে গিয়ে বেসরকারি খাতকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবেন।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে ইইউর বাণিজ্যিক সম্পর্কের ধরন বদলাবে, তবে তা ২০২৯ সালের আগে নয়। তিনি বাংলাদেশকে প্রায় ২০ কোটি মানুষের একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করে বলেন, ইউরোপীয় বিনিয়োগ ও প্রযুক্তি বাংলাদেশে আনার ব্যাপারে ইইউ আগ্রহী।

তিনি ২০২৬ সালে একটি ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তুতির কথাও জানান। “আমরা চাই প্রাথমিক রাজনৈতিক বার্তা—যাতে ইউরোপীয় কোম্পানিগুলো নিশ্চিত হয় যে তারা এখানে স্বচ্ছ ও সমান সুযোগ পাবে, বলেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। “আমরা একটি ফ্রি ট্রেড জোন গড়ে তুলছি। ইউরোপীয় কোম্পানিগুলো এখানে দক্ষ শ্রমশক্তি ও প্রতিযোগিতামূলক খরচের সুবিধা নিতে পারে, বলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইইউর বড় পরিসরে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি আমাদের গণতন্ত্র পুনরুজ্জীবনের ক্ষেত্রে একটি বড় আস্থার প্রতীক। তিনি নির্বাচন পরিস্থিতিকে সামগ্রিকভাবে খুবই ইতিবাচক বলে উল্লেখ করেন।

বৈঠকে সরকারের এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯