আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ভোট আয়োজনের লক্ষ্যে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচন কমিশনকে (ইসি) সাংবিধানিক আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর করা হয়েছে, যা নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, এসব অনিয়ম রোধে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা নিতে হবে।
একই দিনে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দলে জামায়াতের নারী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হাদী ও জামায়াত কর্মী হত্যার ঘটনার পর নির্বাচনে আর লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের জনসমর্থন দেখে একটি রাজনৈতিক দল অস্থির হয়ে উঠেছে এবং অসুস্থ সমালোচনায় লিপ্ত হচ্ছে। তিনি নির্বাচনী পরিবেশ সুরক্ষায় নির্বাচন কমিশনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
এরপর নির্বাচন কমিশন গণমাধ্যমে নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ, প্রচার ও আচরণবিধি অনুসরণসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করে। বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের অবস্থান তুলে ধরা হয়।
নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক অভিযোগ ও দাবি-দাওয়ার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ভূমিকা এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
