মোবাইল অ্যাপ ও পোস্টাল ব্যবস্থার মাধ্যমে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের ভোটদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সর্বশেষ তথ্যে দেখা গেছে, প্রবাসী ও দেশীয় উভয় পর্যায়েই পোস্টাল ভোটে অংশগ্রহণ বাড়ছে।
বুধবার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজারের বেশি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজারের বেশি প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ভোট সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজারেরও বেশি প্রবাসী ভোটার। তাদের মধ্যে ৪ লাখ ৩১ হাজারের বেশি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজারের বেশি প্রবাসী ব্যালট। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪১ হাজারের বেশি ব্যালট।
এদিকে দেশের অভ্যন্তরেও পোস্টাল ভোট কার্যক্রমে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ডাক বিভাগের (বিডি পোস্ট) মাধ্যমে দেশের ভেতরে ৬ লাখ ৬২ হাজারের বেশি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট সম্পন্ন করেছেন ১ লাখ ৩১ হাজারের বেশি ভোটার। পোস্ট অফিসে জমা পড়েছে ১ লাখ ৪ হাজারের বেশি ব্যালট। এসবের মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে প্রায় ১৩ হাজার ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ভোট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের অংশগ্রহণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এতে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হচ্ছে এবং ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছে কমিশন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
