ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকা-১৩ আসনে ইশতেহার ঘোষণায় উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি, সহিংসতামুক্ত নির্বাচনের প্রত্যাশা

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৩:০৮ অপরাহ্ন

banglahour


রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বিহারী ক্যাম্প এলাকার উন্নয়নকে সামনে রেখে আধুনিক শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাতে উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চাঁদাবাজি ও লুটপাট বন্ধের প্রতিশ্রুতি দিয়ে নিজ নিজ ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-১৩ আসনের নির্বাচনী প্রার্থীরা।

সকালে মোহাম্মদপুর সুচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইশতেহার পাঠ ও আচরণবিধি ঘোষণা অনুষ্ঠানে প্রার্থীরা তাদের দলীয় ইশতেহার উপস্থাপন করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঢাকা-১৩ আসনের নির্বাচনী মাঠে এবার প্রতিশ্রুতির ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। প্রার্থীদের প্রত্যাশা এই নির্বাচন হবে সহিংসতামুক্ত, স্বচ্ছ ও জনমুখী।

বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ বলেন, “ঢাকা-১৩ আসনের প্রতিটি সমস্যার জন্য থাকবে হেল্প ডেস্ক। অভিযোগ গ্রহণ, সমাধান এবং নিয়মিত ফলোআপ নিশ্চিত করা হবে।” তিনি জানান, এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে দায়িত্বের চুক্তি।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেন, সন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে পরামর্শভিত্তিক ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।

বাসদের প্রার্থী মো. খালেকুজ্জামান জানান, নির্বাচিত হলে ১৭ দফা দাবিতে সংসদে জনগণের পক্ষে লড়াই করবেন। আর প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন তিনি।

গণঅধিকার পরিষদের প্রার্থী মিজানুর রহমান বলেন, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়ন্ত্রণমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মো. শাহাবুদ্দিন জানান, নির্বাচিত না হলেও এলাকার সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাবেন।

এই আসনের একমাত্র নারী প্রার্থী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া ৪৬ দফা ইশতেহার ঘোষণা করেন। তার মূল লক্ষ্য মানবতার রাজনীতির মাধ্যমে সহিংসতা, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গড়া।

বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহরিয়ার ইফতেখার সরকার বিরোধী দলগুলোর পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থীরা নাগরিক ভোগান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা শেখ ও মো. রবিউল ইসলাম জানান, জলাবদ্ধতা, যানজট, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের নাগরিক সেবা নির্বিঘ্নে নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। তারা জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, অভিযান চলমান রয়েছে এবং কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে আচরণবিধি মেনে চলা ও উস্কানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান জানানো হয়।

ইসি’র পক্ষ থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, “মিথ্যা গুজবে সতর্ক থাকতে হবে। সবার সহযোগিতা থাকলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।”

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম