আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদে জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর গভর্নিং বডির সভায় তিনি এ নির্দেশনা দেন।
২০১৮ সালে প্রতিষ্ঠিত এনএসডিএ’র এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা। এর আগে ২০২২ সালে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ একটি কার্যকর ও সময়োপযোগী কাঠামো। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংস্থার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির ব্যাপক চাহিদা থাকলেও দক্ষতা প্রশিক্ষণের সনদে জালিয়াতি ও প্রতারণার কারণে কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এতে চাকরিদাতারা আস্থা হারালে দক্ষতা উন্নয়নের উদ্যোগ ব্যর্থ হবে। তাই এ ধরনের জালিয়াতি অবশ্যই বন্ধ করতে হবে।
দেশের ব্র্যান্ড ইমেজ গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, চাকরিদাতারা যেন বলেন—বাংলাদেশ থেকে যেসব কর্মী এসেছে, তারা নিশ্চয়ই ভালো করবে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এনএসডিএ’র উদ্যোগে সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অভিন্ন মানের সনদ ব্যবস্থা চালু হলে সনদ জালিয়াতি রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম অত্যন্ত সৃজনশীল ও সম্ভাবনাময়। তাদের জন্য সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করাই সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা যেন আরও স্বচ্ছ ও কার্যকরভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ ও সমন্বয়ের ওপর জোর দেন তিনি।
সভায় বিগত সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি একটি সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ইকোসিস্টেমের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমে অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করা সম্ভব হবে।
এ ব্যবস্থা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শ্রমবাজারে সনদের মান ও বিশ্বাসযোগ্যতা বাড়বে, সরকারি অর্থের অপচয় কমবে এবং শিল্পখাতে শ্রমিকের চাহিদা নিরূপণসহ শ্রমশক্তি উন্নয়নে কেন্দ্রীয়ভাবে কার্যকর পরিকল্পনা গ্রহণ সহজ হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এনএসডিএ’র দীর্ঘমেয়াদি লক্ষ্যসমূহ অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে—উদীয়মান খাতে স্কিলস গ্যাপ অ্যানালাইসিস, সকল উন্নয়ন প্রকল্পকে এনএসডিএ কারিকুলাম ও কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের আওতায় আনা, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF) আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য করা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের জনবলকে ‘পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি’র মাধ্যমে জাতীয় সনদের আওতায় আনা।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে (আইএমটি) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সিডিসি (CDC) প্রদান বিষয়েও আলোচনা হয়।
গভর্নিং বডির সভায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শিল্প, গৃহায়ণ ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
