চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী জনসভায় বিএনপির চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ ভোটারদের উদ্দেশে বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষা এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের সর্বস্তরে পরিবর্তন আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।
শনিবার বিকেল ৫টায় আলমডাঙ্গা উপজেলা শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির আলমডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল কাউনাইন টিলু।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী ও সিআইপি সাহিদুজ্জামান টরিক, ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন এবং সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সংগঠিত থাকার আহ্বান জানানো হয়।
জনসভা থেকে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে আধুনিক ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত নেতারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
