প্রাক-নির্বাচন ও গণভোট পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পর্যবেক্ষণ উপস্থাপন করেছেন সংস্থাটির পর্যবেক্ষক মো. মাহফুজুল হক। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব পর্যবেক্ষণ ও প্রস্তাবনা তুলে ধরেন।
উপস্থাপনায় মো. মাহফুজুল হক বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
টিআইবির পর্যবেক্ষণে আরও বলা হয়, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে বিচার বিভাগসহ রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালনের ওপরও জোর দেওয়া হয়।
এছাড়া নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও রাজনৈতিক সমতার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং নাগরিক সমাজের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাবও তুলে ধরে টিআইবি।
সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে বলা হয়, এসব প্রস্তাব বাস্তবায়ন করা হলে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন এবং গণভোট আয়োজন সম্ভব হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
