ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র তিন দিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়।
এরই অংশ হিসেবে সোমবার সকালে গণসংযোগ শেষে ঢাকা-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের পক্ষে ধানমন্ডির বিভিন্ন এলাকায় কয়েক হাজার নারীকর্মী মিছিল করেন। মিছিলটি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, স্বৈরাচার পতনের পর জনমনে একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, চাঁদাবাজ, দখলবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করবে।
তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সুযোগ তৈরি করেছে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রচারণার শেষ সময় ঘনিয়ে আসায় রাজধানীসহ সারাদেশেই নির্বাচনী মাঠে প্রার্থীদের তৎপরতা বেড়েছে এবং ভোটারদের কাছে পৌঁছাতে নানা কর্মসূচি পালন করছেন তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
