স্বৈরাচারের ধ্বংস করা দেশ পুনর্গঠনে জনগণের সমর্থন চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে একমাত্র বিএনপিরই সুস্পষ্ট ও বাস্তবসম্মত পুনর্গঠন পরিকল্পনা রয়েছে।
সোমবার দুপুরে ঢাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বার্থে জনগণ সবসময় বিএনপির পাশে থেকেছে। নানা নির্যাতন ও বাধার মুখেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশ ও জনগণকে ছেড়ে যাননি উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রতি এই দায়বদ্ধতাই বিএনপিকে বারবার শক্তি দিয়েছে।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকা-১৭ আসনসহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনে আয়োজিত একাধিক পথসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান। দুপুরে বনানী খেলার মাঠে আয়োজিত পথসভায় তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প চালু করে মেগা দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করেছে। তিনি বলেন, এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এখন সময়ের দাবি।
তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে বেকার সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা চালুর ঘোষণাও দেন তিনি। একই সঙ্গে কৃষি ও স্বাস্থ্য খাতকে পুনরুজ্জীবিত করতে দলটির পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।
নারী ও কৃষকদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।
সারাদেশে ধারাবাহিক নির্বাচনী প্রচারণা শেষে শেষ দিনে ঢাকায় নিজের ও দলের অন্যান্য প্রার্থীদের জন্য ভোট চান বিএনপির চেয়ারম্যান। আসনভিত্তিক সমস্যা সমাধান এবং দেশ গঠনে তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের আস্থা অর্জন করেছে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
