ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শীতের সকাল উপেক্ষা করে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রমনা বিভাগের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “ইতিহাসের একটি সেরা নির্বাচন হতে যাচ্ছে এটি। সকাল থেকে বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি। কোথাও কোথাও ইতোমধ্যে ভোটাররা ভোট দিতে এসেছেন। ভোটগ্রহণ শুরু হলে এই উপস্থিতি আরও বাড়বে। কোথাও কোনো সমস্যা নেই। উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে যত শক্তিই আসুক না কেন, আজ কোনো ছাড় দেওয়া হবে না।”
রাজধানীর শনির আখড়ায় বর্ণমালা স্কুল কেন্দ্রেও সকাল থেকেই ভোটারদের ভিড় দেখা গেছে। ওই কেন্দ্রে ভোট দিতে আসা অনার্স পড়ুয়া শিক্ষার্থী কাউসার আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “রাতে ঘুমাইতে পারি নাই, ভোট দেব এই আবেগে। ফজরের পর এসে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এই কেন্দ্রে আমি দ্বিতীয় ভোটার ছিলাম।”
ভোটের আগে তরুণদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা থাকলেও ভোটের সকালে মধ্যবয়সী ও বয়স্ক ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। অনেক ভোটার পরিবারসহ সকালে ভোটকেন্দ্রে এসেছেন। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
প্রতিটি ভোটকেন্দ্রের নির্ধারিত দূরত্বে প্রার্থীদের নিজস্ব বুথ বসানো হলেও কোথাও কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
এদিকে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ওই আসন বাদ দিয়ে দেশের মোট ২৯৯টি সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন এর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। তবে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
