ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি রাজধানীর ডিওএইচএস বারিধারায় অবস্থিত বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা যাবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় নির্বাচনে গণমাধ্যম সঠিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সারাদেশে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।”
এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভোট প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
