খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, জুট মিলসহ সব বন্ধ কলকারখানা চালু করা তাদের অঙ্গীকার। শ্রমিকদের পুনর্বাসন, মাদক ও সন্ত্রাস দমন এবং বেকারত্ব দূর করাই হবে প্রথম কাজ।
আজ দুপুরে খালিশপুর গোয়ালখালী কবরস্থান মসজিদে নামাজ ও দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মূল্যবান ভোট দিয়ে তাকে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে জুট মিল, নিউজপ্রিন্ট মিল ও হার্ডবোর্ড মিলসহ বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা হবে। শ্রমিক ভাইদের কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুর রহমান, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক বিশ্বাস হাবিবুর রহমান, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
