ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই সনদ বাস্তবায়নে ‘নোট অব ডিসেন্ট’সহ অঙ্গীকার

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১২:২১ পূর্বাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রিয়াজ বলেন, জনরায় মেনে নতুন সরকার ‘নোট অব ডিসেন্ট’সহ জুলাই সনদের বাস্তবায়ন করবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই শপথ অনুষ্ঠিত হবে।

জুলাই সনদ বাস্তবায়নকে নতুন সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ড. আলী রিয়াজ। সব দলের অংশগ্রহণে প্রণীত এই সনদের কয়েকটি বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত জানিয়েছিল। তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়লাভের পর দলটির অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনমতের প্রতি শ্রদ্ধা রেখেই বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় উচ্চকক্ষ গঠনসহ জুলাই সনদের অন্যান্য দিক নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তার পিতা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী দেশ পরিচালনার পরামর্শ দিয়েছেন।

সংবাদ সম্মেলনের শেষভাগে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারীর বক্তব্যে বিদায়ের সুর লক্ষ্য করা যায়। দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯