ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রত্যাশার নতুন দিগন্তে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ

রাজনীতি | শাহরিয়ার রহমান

(৬ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: দীর্ঘ দুই দশকের রাজনৈতিক প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি পদের শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। জোটের শরিকদের তিনটি আসনসহ মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২-তে, যা দলটিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়। এই ফলাফলের ভিত্তিতেই সরকার গঠন করে বিএনপি এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

শপথ অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমী। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। বিকেলের কোমল আলোয় সাজানো বিশাল প্লাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রের তিন অঙ্গের শীর্ষ ব্যক্তিরা, দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা। অনুষ্ঠানে বিদায়ী অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা।

কূটনৈতিক সূত্র জানায়, নতুন সরকারকে অভিনন্দন জানাতে ১৩টি দেশের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ছিল চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও কাতার। ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

বিকেল ৩টা ৫৮ মিনিটে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান। বিকেল ৪টা ৪ মিনিটে রাষ্ট্রপতির আগমনের মধ্য দিয়ে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা।

প্রধানমন্ত্রীর শপথের পর তাঁর নবগঠিত মন্ত্রিসভার সদস্য হিসেবে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আ ন ম এহছানুল হক মিলন, আফরোজা খানম, শেখ রবিউল আলম ও সরদার মো. সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক, কায়সার কামাল, নুরুল হক নুর, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, এম রশিদুজ্জামান মিল্লাত, ববি হাজ্জাজ, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

প্রায় ২৫ বছর পর ক্ষমতায় ফিরে বিএনপি এখন একদিকে বিশাল প্রত্যাশা, অন্যদিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বিশ্লেষকদের মতে, অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই হবে নতুন সরকারের প্রধান অগ্রাধিকার। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ শুধু সরকার পরিবর্তনের আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। এখন দৃষ্টি থাকবে, ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সরকার কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম