সৌদি আরবের মক্কা শহরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হৃদয় মিয়া (২২) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র ছেলে।
নিহতের মামা মনির ফরাজী জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এক বছর আগে হৃদয় সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার পাঁচতলা ভবনের ছাদে রড বাইন্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হৃদয়ের ফুফাতো ভাই বিল্লাহ মিয়া মোবাইল ফোনে তার মৃত্যুর সংবাদ পরিবারকে জানান।
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে উঠেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
