কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগে মো. মাকছুদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার একটি দোকানে জায়গার মালিকানা দাবি নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মনির বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মো. মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা। জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে পুলিশ জানায়, এটি দোকানঘরের জায়গার মালিকানা বিরোধ থেকে সৃষ্ট ঘটনা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
