প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ একুশে পদক হস্তান্তর করবেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেজ-কে একুশে পদকের জন্য মনোনীত করা হয়।
একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। সরকারি সূত্র জানায়, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত এই পদক দেশের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
