হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, হাজিদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব।আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা, তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, যাত্রীসেবা সহজীকরণ এবং সমন্বিত ব্যবস্থাপনা জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়-এর সচিব মোঃ কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
