ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুরক্ষায় কাজ করব

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুরক্ষা রক্ষায় তিনি নিরন্তর কাজ করে যাবেন। তিনি বলেন, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় ও বিকশিত করতে হলে চিন্তা, চেতনা ও চর্চায় অধিকতর ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে।


সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, “আমি দূরের কেউ নই, আপনাদেরই একজন। আপনাদের যেকোনো প্রয়োজনে ও সমস্যায় আমাকে সবসময় পাশে পাবেন। সংসদ সদস্য বা মন্ত্রী হওয়া সাময়িক বিষয়; আমি মানুষ হিসেবে এবং দলীয় কর্মী হিসেবে সবসময় আপনাদের সঙ্গে থাকব।


মতবিনিময় সভায় বক্তাদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, “মসজিদ, মন্দির, মাদ্রাসা, প্যাগোডা ও গির্জাসহ সিলেটকেন্দ্রিক বিভিন্ন সমস্যার সমাধানের জন্যই আপনারা আমাকে সংসদে পাঠিয়েছেন। তাই এসব বিষয়ে আলাদা করে দাবি জানানোর প্রয়োজন নেই; সমস্যাগুলোর সমাধান এমনিতেই করা হবে।


তিনি আরও বলেন, সিলেটের অন্যতম প্রধান সমস্যা হলো শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের অভাব। এ সমস্যা নিরসনে আইটি খাতের বিকাশে উদ্যোগ নেওয়া হবে। ফ্রিল্যান্সারদের জন্য কো-ওয়ার্কিং জোন স্থাপন, তাদের উপার্জিত অর্থ সহজে দেশে আনার ব্যবস্থা এবং কাজের সুবিধার্থে দ্রুতগতির ফ্রি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার কথা জানান তিনি।


ক্রীড়াঙ্গনের উন্নয়নে সিলেট সদর উপজেলার সাত ইউনিয়নে সাতটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন মন্ত্রী। পাশাপাশি নগরবাসীর হাঁটার সুবিধার্থে শহরের কেন্দ্রে একটি পার্ক নির্মাণ করা হবে বলেও জানান।


চা-বাগানের এক স্কুলশিক্ষিকার বিদ্যালয় এমপিওভুক্ত করার দাবির প্রসঙ্গে তিনি বলেন, “আপনার কষ্ট হয়তো আপনার মতো করে না হলেও আমার মতো করে বুঝি ও অনুভব করি। বর্তমান সরকারের বয়স মাত্র চার দিন। নতুন করে বিদ্যালয় এমপিওভুক্ত করার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আমি আশ্বস্ত করছি, বাগানকেন্দ্রিক স্কুলসহ সংশ্লিষ্ট যেকোনো সমস্যার সমাধান করা হবে।


মতবিনিময় সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম